শেয়ার বাজার

ফিকির নতুন সভাপতি জাভেদ আখতার

ফিকির নতুন সভাপতি  জাভেদ আখতার
কর্পোরেট সংবাদ

সিসিএন ডেস্ক : ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ২০২৪-২০২৫ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার।  

এছাড়া, জৈষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম. ওয়াকার এবং সহসভাপতি হয়েছেন গ্রামীনফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। 

গতকাল বুধবার (ডিসেম্বর ০৬, ২০২৩) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ফিকির ৬০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে এ ঘোষণা দেওয়া হয়। 

ফিকির ২০২২-২০২৩ মেয়াদের বর্তমান সভাপতি নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবেন জাভেদ আখতার। 

আজ ফিকি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩১ ডিসেম্বর ২০২৩ এ বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর ১ জানুয়ারী, ২০২৪ থেকে নবনির্বাচিত ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করবেন।

নবনির্বাচিত সভাপতি জাভেদ আখতার বলেন, “বাংলাদেশের সূচনালগ্ন থেকে অর্থনৈতিক কাঠামো তৈরিতে ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে ফিকি। বিশেষ এ চেম্বারের সভাপতির পদ গ্রহণ করা আমার জন্য একই সাথে অত্যন্ত সম্মানের এবং গভীর দায়িত্ববোধের। প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশেকে বিনিয়োগের বাতিঘরে পরিনত করতে চালিকাশক্তি হিসাবে কাজ করছে ফিকি এবং ৯০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আনার মাধ্যমে একটি ব্যবসা-বান্ধব ইকোসিস্টেম গড়ে তুলেছে যা দেশের প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।”